লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া নেই

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া নেই
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

*ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন; নৌপথে এখনও চাপ কম*  

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে রাজধানীবাসী সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন। তবে এবার ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাটে এখনও বাড়ি ফেরার তেমন ভিড় দেখা যাচ্ছে না। অগ্রিম টিকিট বিক্রিতেও আশানুরূপ সাড়া মেলেনি বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।  

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদ উপলক্ষে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে ৩ জুন থেকে বিশেষ লঞ্চ পরিষেবা চালু হচ্ছে, যা ১০ জুন পর্যন্ত চলবে। বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, “যাত্রীর চাপ বাড়লেই বিশেষ লঞ্চগুলো পন্টুনে ভিড়ানো হবে। নৌপথে সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”  

লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, সদরঘাট থেকে বরিশাল রুটে আগে যাত্রী বেশি থাকলেও পদ্মা সেতু চালু হওয়ায় নৌপথে যাত্রী কমেছে। ঈদের আগের দুই দিন সাধারণত চাপ বাড়ে, কিন্তু এবার অগ্রিম টিকিট বিক্রি আশাব্যঞ্জক নয়। আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতিকে এর কারণ হিসেবে দেখছেন তারা। তবে গার্মেন্ট শ্রমিকদের ছুটির পর যাত্রী বাড়ার আশা করা হচ্ছে।  ভোলাগামী এমভি সাব্বির লঞ্চের কর্মী সাকিব বলেন, “এবার অগ্রিম টিকিটের চাহিদা নেই। আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে গ্রামে যাচ্ছে না।” বরিশালগামী পারাবত লঞ্চের ম্যানেজার হাবিব বলেন, “৩০% কেবিনও বিক্রি হয়নি। পদ্মা সেতুর পর আমরা যাত্রীর ওপর নির্ভরশীল।”  

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবার ১০ দিনের ঈদ ছুটিতে ঢাকা ও আশপাশ থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বিভিন্ন জেলায় যাবে। এদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন, গত ঈদের মতো এবারও নৌপথে কোনো সমস্যা হবে না।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ