মোহনপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহনপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় তামাকের ক্ষতিকর প্রভাব ও তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ ৪জুন ২০২৫), সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে কর্মশালার সূচনা হয়। প্রশিক্ষণে মূল উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, যিনি তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ এবং সংশোধিত বিধিমালার মূল দিকগুলো তুলে ধরেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কারিগরি সহায়তায় আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকতার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, কৃষি অফিসার কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে ভাগ করে তামাক নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এক গ্রুপ ‘তামাকবিরোধী প্রচার-প্রচারণা’, অন্য গ্রুপ ‘মোবাইল কোর্টের ভূমিকা’ এবং আরেকটি গ্রুপ ‘ধূমপানমুক্ত পাবলিক প্লেস ও পরিবহন’ নিয়ে মতামত উপস্থাপন করে।

বক্তারা বলেন, তামাকজনিত রোগে মৃত্যুর হার দিন দিন বাড়ছে, অথচ আইন থাকলেও প্রয়োগের ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। তারা আইন প্রয়োগে আন্তঃদপ্তর সমন্বয় এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। প্রশিক্ষণ শেষে সিদ্ধান্ত হয়, মোহনপুর উপজেলাকে ধীরে ধীরে ধূমপানমুক্ত এলাকায় রূপান্তর করার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন