রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছ চাষে নতুন দৃষ্টান্ত, পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
কারাগার ব্যবস্থাপনায় আত্মনির্ভরতা ও বন্দীদের পুষ্টির যোগানে নতুন দিগন্ত উন্মোচন করলো রাজশাহী কেন্দ্রীয় কারাগার। শনিবার দুপুরে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল তানভীর হোসেন নিজ হাতে মাছের পোনা অবমুক্ত করেন কারাগার চত্বরে অবস্থিত দুটি পুকুরে। মাছের পোনার মধ্যে ছিল রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প ও পাঙ্গাস প্রজাতি। এই উদ্যোগের মধ্য দিয়ে কারাগারের খালি সম্পদ ব্যবহার করে খাদ্য উৎপাদনের একটি কার্যকর মডেল গড়ে তোলা হলো। কর্ণেল তানভীর হোসেন এ সময় বলেন, “কারাগার ব্যবস্থাপনায় টেকসইতা আনতে হলে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পুকুরগুলো ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে শুধু বন্দীদের খাদ্য চাহিদাই মেটানো হবে না, বরং এটি সরকারের ব্যয় কমাতেও সহায়ক হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন কামাল হোসেন ও কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খানসহ কারা বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে কর্নেল তানভীর কারাগার চত্বরে একটি লিচুর চারা রোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, “কারাগার শুধু নিরাপত্তা বা শাস্তির স্থান নয়, এটি সামাজিকভাবে একজন মানুষকে পুনরায় গড়ে তোলার সুযোগও দেয়। কৃষি, মৎস্য ও অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে বন্দীরা যেন সমাজে ফিরে গিয়ে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এসব কর্মসূচি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কার্যক্রম দেশের কারাগার ব্যবস্থাপনাকে আধুনিক ও উৎপাদনমুখী করতে সহায়ক হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন