নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। সোমবার (৩০ জুন) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি চীন সফরকালে বিএনপি প্রতিনিধিদল এক চীন নীতির প্রতি দলের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। তিস্তা ইস্যু আলোচিত হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের প্রয়োজনীয়তার কথা জানানোর পর চীন ইতিবাচক সাড়া দিয়েছে। চীন এ বিষয়ে প্রস্তাব দিলে বিএনপিও ইতিবাচকভাবে বিবেচনা করবে। রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, চীন জানিয়েছে তারা আন্তরিকতার সঙ্গে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২২ জুন নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চীন সফর করেন। দলটি ২৭ জুন দেশে ফেরে। প্রতিনিধিদলে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান; চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ