ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: বিএনপি নেতা মিন্টু

ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: বিএনপি নেতা মিন্টু
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার ফেনীতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে আয়োজিত এই সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

মিন্টু বলেন, "বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে।" তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ টেনে বলেন, "কেরিটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।

দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা: মিন্টু আরও জোর দিয়ে বলেন, "দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।

তিনি বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের কথা স্মরণ করে বলেন, "২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি।" তিনি দাবি করেন, "অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি, দ্রুত নির্বাচনটি হোক।"

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন:, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ