নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে সাত বছরের এক শিশুকে অপহরণ
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় গভীর রাতে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলা চালিয়ে সাত বছরের এক শিশুকে অপহরণ করেছে। গত সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত শিশুর নাম বাপ্পি (৭)। সে সৌদি প্রবাসী সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান। শিশুর মা শাহেদিয়া জানান, গভীর রাতে অস্ত্রধারী মুখোশপরা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে। পরিবারের কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা শিশুটিকে জোরপূর্বক নিয়ে যায়। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, অপহরণকারীরা সবাই বাঙালি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়। তবে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।
রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা মো. কালু ও সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম জানান, অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে শিশুটিকে উদ্ধার করতে হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’ এদিকে, শিশুটির পরিবারের পাশাপাশি এলাকাবাসীও দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি