পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার বিশেষ আদালত দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা পৃথক ছয়টি মামলায় এই আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন ও বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত আগামী ১১ ও ১৩ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। অভিযুক্ত পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।

দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং দুদকের পক্ষ থেকে অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে, গত ২০ জুলাই এই মামলাগুলো বদলি করে বর্তমান আদালতে পাঠানো হয়। দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের আদালতে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরে মামলাগুলো বিচারের জন্য ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত অন্য আদালতে স্থানান্তরের আদেশ দেন।

গত এপ্রিলে প্লট বরাদ্দ দুর্নীতির তিনটি মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া, আরও তিনটি মামলায় দুদক অভিযোগপত্র জমা দেয়, যেখানে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লট নিয়ে অনিয়মের সন্দেহ দেখা দেয়। পরবর্তীতে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলা দায়ের করে দুদক। গত ১০ মার্চ দুদক এই মামলাগুলোর অভিযোগপত্র অনুমোদন করে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ