ঠাকুরগাঁওয়ে এন্টিভেনম সংকটে সাপের কামড়ে ঝরছে প্রাণ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
এন্টিভেনমের সংকটে ঠাকুরগাঁও জেলায় একের পর এক প্রাণ হারাচ্ছে সাপের কামড়ের শিকার মানুষ। সর্বশেষ, চিকিৎসার জন্য চার হাসপাতালে দৌড়েও নিজের ছেলেকে বাঁচাতে পারেননি এক অসহায় বাবা বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী বড়পলাশবাড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের ইসরাইল উদ্দীনের ছোট ছেলে, ৫ম শ্রেণির ছাত্র সাকিবুল ইসলামকে শুক্রবার (৮ আগস্ট) রাতে বিষধর সাপ কামড় দেয়। দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে এন্টিভেনম না থাকায় তাকে হরিপুর, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, এবং পরে দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথেই মারা যায় সাকিবুল। শনিবার (৯ আগস্ট) বিকেলে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। ছেলের মৃত্যুর শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা; চলছে তার চিকিৎসা। শোকের ছায়ায় ডুবে গেছে গ্রামটি।
ইসরাইল উদ্দীন বলেন, “চারটা হাসপাতালে ছুটেছি, কোথাও ভ্যাকসিন নেই। শেষ পর্যন্ত ছেলেকে কোলে নিয়ে মৃত্যুর দিকে যেতে দেখেছি। আর যেন কোনো বাবার বুক খালি না হয়, সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।” দুই সপ্তাহে ৫ জনের মৃত্যু শুধু সাকিবুল নয়, গত দুই সপ্তাহে ঠাকুরগাঁও জেলায় সাপের কামড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন পীরগঞ্জের স্কুলছাত্র তারেক (৭ম শ্রেণি), রাণীশংকৈলের কলেজছাত্র মোকসেদ আলী, হরিপুরের গৃহবধূ সম্পা রানীসহ আরও অনেকে।
সম্পা রানীর স্বামী জিতেন জানান,
> “হরিপুর থেকে রাণীশংকৈল, তারপর ঠাকুরগাঁও হাসপাতালে গেছি—কোথাও ভ্যাকসিন পাইনি। শেষে ওঝার কাছে নিতে বাধ্য হয়েছি, তবুও স্ত্রীকে বাঁচাতে পারিনি।” বর্ষায় বাড়ে সাপের কামড়
স্থানীয় পল্লী চিকিৎসক আজমুল হক বলেন,
> “প্রতি বর্ষায় ঠাকুরগাঁওয়ে গড়ে ১০–১৫ জন মারা যায় সাপের কামড়ে। হাসপাতালগুলো বর্ষায় চাহিদা পাঠায়, কিন্তু ভ্যাকসিন আসে বর্ষা শেষ হওয়ার পরে। আগে থেকেই মজুদ রাখা জরুরি।”
স্বাস্থ্য বিভাগের ব্যাখ্যা ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান,
>“আমরা চাহিদা পাঠালেও কেন্দ্রীয় ঔষধাগার থেকে এন্টিভেনম পাইনি। ওখানেও সংকট আছে। আনার চেষ্টা চলছে।” আতঙ্কে গ্রামবাসীসাপের কামড়ে মৃত্যুর এই ধারাবাহিক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার গ্রামাঞ্চলে। চিকিৎসক ও সচেতন মহল দ্রুত এন্টিভেনমের সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন—যাতে আর কোনো প্রাণ অবহেলায় ঝরে না পরে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম