ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এক বছরের কম সময়ে পদত্যাগ

ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এক বছরের কম সময়ে পদত্যাগ
ছবিঃ গুগল থেকে নেয়া

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ                                                                                                                                                                                                                                                                                                      সংবাদ

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ মাত্র এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। সরকার পরিবর্তনের পর ব্যাংকের অভ্যন্তরীণ চাপ ও পরিচালক পর্ষদের সঙ্গে মতবিরোধকে তাঁর এই সিদ্ধান্তের কারণ হিসেবে মনে করা হচ্ছে।

গত অক্টোবরে শেখ মোহাম্মদ মারুফ ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংক সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর কিছু সাবেক ও বর্তমান পরিচালক ব্যাংকের কার্যক্রমে অস্বাভাবিক হস্তক্ষেপ শুরু করেন, যা অভ্যন্তরীণ উত্তেজনা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে মারুফকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মারুফের প্রতিক্রিয়া তাঁর বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি ফোন গ্রহণ করেননি।

চেয়ারম্যানের বক্তব্য ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, "আমাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল না। তবে তিনি বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম যথাযথভাবে পালন করতে পারেননি। তাঁর পদত্যাগপত্র পাওয়া গেছে, সোমবার পর্ষদ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

ব্যাংক খাতে অস্থিরতা গত কয়েক সপ্তাহে একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদত্যাগ করেছেন। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়, অন্যদিকে মেঘনা ও কমার্স ব্যাংকের এমডিরাও হঠাৎ পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে, কোনো এমডি পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংককে কারণ জানাতে হয়, এবং তাদের অনুমোদন সাপেক্ষেই পদত্যাগ কার্যকর হয়। অতীতেও পদত্যাগকারী এমডিদের ফিরিয়ে আনার নজির রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ