বগুড়ায় জোবেদা ফাউন্ডেশন ইনস্টিটিউট আয়োজিত আন্তঃনার্সিং ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হেল্থ সিটি নার্সিং ইনস্টিটিউট চ্যাম্পিয়ন

বগুড়ায় জোবেদা ফাউন্ডেশন ইনস্টিটিউট আয়োজিত আন্তঃনার্সিং ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হেল্থ সিটি নার্সিং ইনস্টিটিউট চ্যাম্পিয়ন
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর আওতাধীন জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত “আন্তঃনার্সিং ইনস্টিটিউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শাজাহানপুর উপজেলার সুজাবাদে অবস্থিত ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাস মাঠে মঙ্গলবার ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। ফাইনালে অংশ নেয় বগুড়ার করতোয়া নার্সিং ইনস্টিটিউট, কালিতলা এবং হেল্থ সিটি নার্সিং ইনস্টিটিউট, কলোনী। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময় শেষে জয়ী হয় হেল্থ সিটি নার্সিং ইনস্টিটিউট।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নার্সিং শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের টুর্নামেন্ট আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। টিএমএসএস-এর নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম আরও বলেন, নার্সিং পেশা মানবতার সেবার এক উজ্জ্বল উদাহরণ। পেশাগত দক্ষতার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা আরও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। তিনি বলেন, জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট দেশের নার্সিং শিক্ষায় এক অনন্য ভূমিকা রাখছে। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে শারীরিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় অংশ গ্রহণ করুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস-এর আইইএস ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড স্কিলস সেক্টরের প্রধান নিগার সুলতানা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও “সেরা খেলোয়াড় “সেরা গোলরক্ষক” সহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট-এর পক্ষ থেকে জানানো হয়, নার্সিং শিক্ষার্থীদের মাঝে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি তৈরির লক্ষ্যে প্রতিবছর এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য, জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট নার্সিং শিক্ষা ও স্বাস্থ্য সেবায় মানসম্মত প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নিয়মিত নানা সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান