ঝালকাঠি সদর উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে ইমামকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলায় একটি মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের পরমহল তালুকদার বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র অনুযায়ী, মসজিদ কমিটির একটি অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার তার সহযোগীদের নিয়ে ইমাম আল আমিনের ওপর হামলা চালান। ইমাম প্রাণ বাঁচাতে মসজিদের ভেতরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলে, তাপস ও তার দলবল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মারধর করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ইমামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ইমাম আল আমিন শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত তাপস তালুকদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ইমামকে মারধর করিনি। তাঁকে রক্ষা করতে গিয়ে ভুলবোঝাবুঝির কারণে আমার নাম জড়িয়েছে।"
এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন জানান, ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এই হামলার প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি মিছিল বের করে, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইমামের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ