জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারদের বিক্ষোভ, পদত্যাগ চাই দুই উপদেষ্টার

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারদের বিক্ষোভ, পদত্যাগ চাই দুই উপদেষ্টার
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বিচার ও ন্যায়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের কাছে অবস্থান কর্মসূচি; জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের খুব কাছেই এই সড়কটির অবস্থান। বিক্ষোভস্থলে পুলিশ মোতায়েন করা ছিল।

বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, জুলাই মাসের হত্যাকাণ্ডের দায়ীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিরা জামিন পাচ্ছেন। তারা সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশি হামলারও উল্লেখ করে বলেন, এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব অনিয়ম ও বিচারবিবর্জিত অবস্থার জন্য তারা দু'জন উচ্চপদস্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল বলেন, "হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে।"

এই অভ্যুত্থানে আহত শাহীন আহমেদ খান বলেন, "উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের একজন উপপরিদর্শককেও (এসআই) জামিন দেওয়া হয়েছে।" আহত শেখ মুস্তাফিজ তার বক্তব্যে যোগ করেন, "গত ১৯ আগস্ট সচিবালয়ের সামনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, কিন্তু সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।"

বিক্ষোভ চলাকালীন পরিবারের সদস্যরা ‘দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’—এরকম বিভিন্ন স্লোগান দেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ