পলক ও জাহাংগীরকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আদেশে দুটি পৃথক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার আদালত এ আদেশ দেন। আজ সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুই আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাদের আদালত কক্ষে তোলা হয়।
রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঘটনার সঙ্গে জাহাঙ্গীর সরাসরি জড়িত। তবে জাহাঙ্গীরের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি ‘ডামি নির্বাচনের’ সঙ্গে কোনোভাবেই জড়িত নন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব ছিলেন। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।অন্যদিকে, রাজধানীর কাফরুল থানার হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানির পর আদালত তাকেও এই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। দুই আসামির আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, এখন পর্যন্ত পলককে ৭৭টি মামলায় এবং জাহাঙ্গীর আলমকে ১৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একই বছরের ১৪ আগস্ট পলক গ্রেপ্তার হন। অন্যদিকে জাহাঙ্গীর আলম গত বছরের ১ অক্টোবর গ্রেপ্তার হন।
দৈনিক বিজয় নিউজ/ নিজস্ব প্রতিবেদন