ছাত্রদল চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবির
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।
ছাত্রদল দলীয় পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে স্মারকলিপি দেয় এবং মিছিল করে। এর পরই ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অভিযোগ আসে।
গতকাল রাত সাড়ে দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ইসহাক ভূঞা স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, গত রোববার ছাত্রশিবির চাকসু নির্বাচনের তফসিল চেয়ে অবস্থান কর্মসূচি করে। এরপর প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার চাকসুর তফসিল দেওয়ার সম্ভাব্য তারিখ জানানো হয়। পরদিন সোমবার প্রশাসনের কর্তাব্যক্তিরা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন—এমন অভিযোগ এনে ছাত্রদল প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে স্মারকলিপি দেয়। এরপর রেজিস্ট্রারের একটি মন্তব্যকে ঘিরে তার পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে ঝটিকা মিছিল করে। শাখা ছাত্রশিবিরের দাবি, ছাত্রদলের এসব কর্মকাণ্ড চাকসু নির্বাচন বানচাল ও ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রক্টর একটি ছাত্রসংগঠনকে সুবিধা দিয়ে অন্যদের বঞ্চিত করেছেন এবং তাদের নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তিনি ওই সংগঠনের মুখপাত্রের মতো আচরণ করেছেন বলেও দাবি করা হয়। গণমাধ্যমে সুবিধাপ্রাপ্ত সংগঠন হিসেবে ছাত্রশিবিরের নাম জড়ানো হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ আনা ছাত্রদলের পরিকল্পিত ষড়যন্ত্র।
ছাত্রশিবিরের এসব অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা সুষ্ঠু ও স্বচ্ছ চাকসু নির্বাচন করতে যা যা প্রয়োজন, সবই করছেন। বরং ছাত্রশিবির নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানা কার্যকলাপ চালাচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ