গলাচিপায় লিভার রোগে আক্রান্ত আবুল হোসেন, মানবেতর জীবনযাপন
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের কোকাই তাবক গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন মিয়া (৪৫) দীর্ঘ আড়াই বছর ধরে লিভার সিরোসিসে (Liver Cirrhosis) আক্রান্ত হয়ে শয্যাশায়ী। একসময় দিনমজুর হিসেবে কাজ করলেও অসুস্থতার কারণে এখন কর্মহীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। আবুল হোসেন জানান, “এই রোগে ভুগে এতটাই দুর্বল হয়ে গেছি যে বিছানা থেকে উঠতেই পারি না। আমার স্ত্রী মানুষের বাসায় কাজ করে, যা আয় হয় তা দিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছি। আমি সবার কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি।”
তার স্ত্রী মোসাঃ খাদিজা বলেন, “আমাদের অবস্থা এতটাই খারাপ যে ওষুধ কেনা তো দূরের কথা, ঠিকমতো খাবার জোটে না। সমাজের সবার সহানুভূতি কামনা করছি।” স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন, “আবুল হোসেনের অবস্থা আমি জানি। ব্যক্তিগতভাবে ও পরিষদের পক্ষ থেকেও সহযোগিতার চেষ্টা করছি।” এছাড়া সমাজসেবক মাহমুদুল হাসান জানান, “সরকারি সহায়তার জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” আবুল হোসেনের চিকিৎসার জন্য হৃদয়বান ব্যক্তিদের সাহায্য প্রয়োজন। সময়মতো চিকিৎসা না পেলে তার জীবন হুমকির মুখে পড়বে।তাহার মোবাইল নাম্বার 01836867935।”
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন