ডিপ্লোমা কোটার প্রতিবাদে পাবিপ্রবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
শুক্রবার (২৯ আগস্ট) সাড়ে ৮টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল-১ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বরে জড় হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক পর্যন্ত মশাল মিছিল করেন এবং ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম কর্তৃক বুয়েটিয়ান এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। মশাল মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচি শেষে তারা ঘোষণা দেন যে, আগামীকাল (৩০ আগস্ট) পাবিপ্রবির প্রকৌশল অনুষদের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশে শিক্ষার সুযোগ তৈরি করতে এ আন্দোলন অব্যাহত থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের বলেন, ‘গত পাঁচ মাস ধরে ডিপ্লোমা কোটার দাবিতে আন্দোলন চলছে। এ আন্দোলনকে ঘিরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বারবার বিএসসি ইঞ্জিনিয়ারদের ওপর হামলা চালাচ্ছে এবং এক বুয়েট শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার হুমকিও দিয়েছে। আমরা কখনোই ডিপ্লোমাদের ছোট করছি না; কেবল সরকারের কাছে ন্যায্য দাবি উপস্থাপন করছি। সরকার চাইলে সেটি মেনে নেবে। তবে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আমরা আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হব।'
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়