পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা’ উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসফাকুর রহমানের সঞ্চালনায় এবং আইআইইডি’র পরিচালক অধ্যাপক ড. আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন বিআইএম-এর পিজিডি ডিরেক্টর অপারেশনস্ এসএম আরিফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পাবনায় প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তা এবং দেশের অন্যন্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা ইনস্টিটিটিটের বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সের বিষয়ে মতামত দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, "উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণদের উদ্ভাবনী চিন্তা সমাজ বদলাতে পারে। এজন্য অ্যাকাডেমি ও শিল্পের সংযোগ বাড়ানো ও জ্ঞান ভাগাভাগি জরুরি। এই ইনস্টিটিউট তরুণদের উদ্যোগী হতে অনুপ্রাণিত করে দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নেবে।" বিআইএম-এর ডিরেক্টর অপারেশনস্ এসএম আরিফুল ইসলাম বলেন," বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির সমন্বয় জরুরি। যৌথভাবে কাজ, নেটওয়ার্ক বৃদ্ধি এবং যুগোপযোগী কোর্স চালু উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে।" উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ নামে এ বছর ইনস্টিটিউটটি চালু হয়। বিভিন্ন বিষয়ে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিই হবে এর কাজ। ইনস্টিটিউটটি খোলার পর এই প্রথম কর্মশালা অনুষ্ঠিত হলো।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়