পাবনা পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত: প্রধান অতিথি অধ্যক্ষ ইকবাল হুসাইন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা পৌরসভা এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট, ২০২৫) বিকেলে পাবনার মেরিল বাইপাস মোড়ের শহীদ এম মনসুর আলী কলেজের প্রধান ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এ.এস.এম আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, "অনেকেই আমাদের পাকিস্তানপন্থী বলে থাকেন, কিন্তু হাজারো নির্যাতন সত্ত্বেও জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী পাকিস্তান পালিয়ে যায়নি। আমরা চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত পাবনা গড়তে চাই। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কারো হুমকি-ধামকিকে ভয় পায় না। বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার নিয়ে আমরা বহুবার আন্দোলন করেছি। দুঃখজনকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ভিন্নমতের মানুষের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে, বিশেষ করে ইসলামী আন্দোলনের ধারক ও বাহক বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর।" বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল গাফফার খান ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সমালোচনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান