হল ছাড়ছেন অনেকে, ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

হল ছাড়ছেন অনেকে, ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ছবিঃ দৈনিক বিজয় নিউজ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পরই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল নয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পাসে গিয়ে থমথমে পরিস্থিতি দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোতায়েন থাকতে দেখা যায় পুলিশ ও র্যাবের সদস্যদের।

জুলাই ৩৬ হল ও বেগম রোকেয়া হলের সামনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা তাদের ব্যাগ ও বইপত্র নিয়ে হল ত্যাগ করছেন। তিন নারী শিক্ষার্থী জানান, রোববার রাতে বহিরাগতদের হামলা ন্যক্কারজনক ছিল। সম্ভাব্য সমস্যা ও পরিবারের চাপের কারণে তারা হল ছাড়ছেন। আশরাফুল হক হলের সামনে কয়েকজন ছাত্র বলেন, গত বছর জুলাই মাসে আওয়ামী লীগ সরকার পতনের আগেও একইভাবে রাতের বেলা নোটিশ দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল। তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে নব্য স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, যার কারণে হঠাৎ করে হল ছাড়তে বলা হয়েছে। তবে তারা হল ছাড়বেন না বলে জানান।

রোববার রাত সাড়ে দশটায় শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো: শুধুমাত্র কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রি চালু রাখা, শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার নিশ্চয়তা এবং হামলায় জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। এ দাবিতে সোমবার সকাল আটটায় কে আর মার্কেটে সমাবেশ ও ব্ল্যাক আউট কর্মসূচির ঘোষণা দেন তারা। সকাল নয়টায় মাওলানা ভাসানী হল থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। তারা হামলার বিচার ও হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

গতকাল রাতে শিক্ষার্থীদের ওপর হামলার পর রাতভর সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ ক্যাম্পাসে টহল দেয়। রাত ১১টা ৫ মিনিটে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের অনুরোধে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সহায়তা করতে রাত ১০টা ১০ মিনিটে বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর রাত পৌনে আটটার দিকে একদল ব্যক্তি হামলা চালায়। এ দাবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে মিলনায়তনে অবরুদ্ধ করে রেখে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম রাতের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমি সবচেয়ে পরে বের হয়েছি। বের হয়ে দেখলাম কয়েকজন লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। তখন রাত হওয়ায় তারা বহিরাগত নাকি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তা বুঝতে পারিনি।’

দৈনিক বিজয় নিউজ/