সাগর থেকে আরও ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
নেদারল্যান্ডস সাগরে মাছ ধরতে যাওয়া তিনটি নৌকাসহ বাংলাদেশি ১৮ জন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে সাগরের ‘সীতা’ নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা সবাই টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা। তাদের নাম হলো—মো. আবছার, আবু তাহের, মো. আলমগীর, জাহাঙ্গীর আলম, আবদুর রহিম, মো. আলম, মো. সব্বির, মো. তৈয়ব, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, সৈয়দ উল্লাহ, মো. রফিক, মো. তাহের, আবদুল মতলব, হাফেজ আহমেদ, আমিনুল হোসেন ও সালা উদ্দিন।
জেলেদের অপহরণের বিষয়টি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন। আজ দুপুরে তিনি বলেন, স্পিডবোট নিয়ে চারটি মাছ ধরার নৌকাকে ধাওয়া করে আরাকান আর্মি। এর মধ্যে একটি পালিয়ে রক্ষা পেলেও বাকি তিনটি নৌকার মাঝিমাল্লাদের অস্ত্রের মুখে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পালিয়ে আসা নৌকার জেলেরা তাঁকে এসব তথ্য জানান।
ফয়েজুল ইসলাম আরও বলেন, জেলেদের অপহরণের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি জেলেদের পরিবার ও জনপ্রতিনিধিদের মাধ্যমে শুনেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ