আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ আশ্বাস দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
এ ছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ