ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নারী প্রার্থীকে হুমকির অভিযোগে আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে আলী হুসেন নামের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে "কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি" দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে এ শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত একটি প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এটি বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আলী হুসেনের শ্রেণি রোল নম্বর ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।
নারী প্রার্থীকে হুমকির এ ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছিল। এর মধ্যে একটি ছিল প্রক্টর অফিসের তিন সদস্যের কমিটি এবং অন্যটি ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের দুই সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি। প্রক্টর অফিসের কমিটির দ্রুত সুপারিশের ভিত্তিতেই বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ