নতুন হত্যা মামলায় গ্রেপ্তার হাজী সেলিম ও তানভীর
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। সকালে কারাগার থেকে দুজনকে আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে তাদের এজলাসকক্ষে তোলা হয়।
পরে পুলিশ লালবাগ থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে। আদালত শুনানির পর এ আবেদন মঞ্জুর করেন।
মামলার কাগজপত্র অনুযায়ী, গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ইডেন কলেজের সামনে শাওন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় মামলা হয়। সেই মামলাতেই হাজী সেলিম ও তানভীরকে গ্রেপ্তার দেখানো হলো।
উল্লেখ্য, হাজী সেলিমকে গত বছরের ২ সেপ্টেম্বর এবং তানভীরকে গত ১৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ