গাজীপুরে সুমন বাহিনীর ৫টি টর্চার সেল উচ্ছেদ, অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ৩
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর পাঁচটি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। এসব সেলে নিরপরাধ মানুষকে আটক করে অমানবিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অংকের টাকা। পাশাপাশি রাতভর চলত মাদকের আড্ডা। ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে নির্যাতন করত সুমন বাহিনী। স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে দলবদ্ধ হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত এই বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের টর্চার সেলগুলোতে অভিযান চালায় পুলিশ। এসময় টর্চার সেলগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় একটি বন্দুক ও দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা। অভিযানে সুমন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, সুমন বাহিনীর কয়েকটি টর্চার সেলের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব টর্চার সেল থেকে অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর আগে গত ২৮ আগস্ট রাতে শ্রীপুর পৌর শহরের টেংরা রোড এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নেয় তার বাহিনী। ওই হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সাতজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পরপরই দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে সুমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন