পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত; স্থগিত জেলা ছাত্রদলের কার্যক্রম
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব ছিলেন গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। গত বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এই সিদ্ধান্তের পটভূমি হলো, গত মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোটগ্রহণ চলাকালে এক বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ভোট গণনা শেষ হওয়ার আগেই কয়েকজন যুবক ব্যালট বাক্স ছিনিয়ে নেন। এ ঘটনার পর নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা স্থগিত করে। জেলা বিএনপির নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে জেলা ছাত্রদলের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ