জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; এক কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে কালি না দেওয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; এক কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে কালি না দেওয়ার অভিযোগ
অমোচনীয় কালি প্রতীকী ছবি

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

জনপ্রতি সংসদ নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ভোটারদের আঙুলে অমোচনীয় কালির দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে।

এই কেন্দ্রে এসে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী আল আমিন দাবি করেন, ‘আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না। শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারও কাছে মার্কার সরবরাহ করা হয়নি।

তদন্তে দেখা গেছে, ডাকসু নির্বাচনের মতো এখানে হাতের আঙুলে দাগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়নি। দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, সিসিটিভির মাধ্যমে ভোটার শনাক্ত ও ভোটের নজরদারি করা হচ্ছে।

তবে ২১ নম্বর ছাত্র হলে (সাবেক শেখ রাসেল হল) আঙুলে মার্কারের দাগ দিয়ে ভোটগ্রহণ করা হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার ৭৩৫ জন। বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৯২টি।

এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রে মার্কার ব্যবহারের জন্য কেন্দ্রীয় কোনো নির্দেশনা নেই। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতেই মার্কার ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, সব হলেই ভোটারদের ভোট দেওয়া শেষে আঙুলে অমোচনীয় কালি দেওয়ার নির্দেশ রয়েছে। প্রতিটি কেন্দ্রে এই কালি দেওয়ার জন্য দুটি করে বিশেষ কলম সরবরাহ করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ব্যবস্থা সব হলে কার্যকর হওয়ার কথা। কোন কারণে নির্দিষ্ট হলে এটি করা হচ্ছে না, তা তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।

দৈনিক বিজয় নিউজ/ ইসহাক রনি