সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সেপ্টেম্বর থেকেই কাজ শুরু করার আহ্বান জোনায়েদ সাকির
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এই সভায় তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সেপ্টেম্বর মাস থেকেই সরকারকে কাজ শুরু করার আহ্বান জানান।
তিনি সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ সমন্বয় কমিটি’ গঠনেরও পরামর্শ দেন।
জোনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, দেশের কোনও স্থানে কোনও দলের সঙ্গে অন্য দলের সংঘাত বা অগণতান্ত্রিক আচরণের বিষয়গুলো এখন থেকেই কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা দরকার। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে যে দল সরকার গঠন করবে, সেই দলের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠ হতে চাওয়ার মানসিকতা পরিবর্তনের জন্য এখন থেকেই কাজ করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিবেশ নিয়ে কাজ করলে হবে না।
তিনি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও আলোচনা করেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার জায়গা রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচিত সরকার সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ কারণে বাস্তবায়নের জন্য আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার বলে মনে করেন তিনি।
সংবিধান সংশোধনের বিষয়ে জোনায়েদ সাকি মন্তব্য করেন যে, এজন্য জনগণের সম্মতি দরকার। তিনি বলেন, আগামী নির্বাচনকে যদি ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করা হয়, তাহলে জনগণ জানবে যে নির্বাচিত সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করবে এবং নির্বাচিত সরকার পরবর্তী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ