ঐকমত্য না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে: সালাহউদ্দিন আহমদ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
BNP স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য না হওয়ায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, 'আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সময় আছে, আশা করি এই সময়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সবাই ঐকমত্যে পৌঁছাতে পারব।'
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন এই সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রক্ষাকবচ। এগুলো নিশ্চিত হলে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না।
সংস্কার, বিচার ও নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়—এ কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যে সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলো নির্বাহী আদেশ ও অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করা যায় এবং করা হচ্ছে। যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য নয় কিন্তু উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেগুলো সরকার নিতে পারে। যদি এই সরকার সেগুলো সম্পূর্ণ করতে না পারে, তাহলে পরবর্তী সরকার সেটা করবে।
সংবিধান সংশোধনীর বিষয়ে তিনি বলেন, সংবিধান সংশোধনী প্রস্তাব অনুমোদনের বৈধ ফোরাম জাতীয় সংসদ। এর বাইরে কোনো বৈধ প্রক্রিয়া আছে কি না, তা নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। যদি থাকে, তাহলে তারা একমত হবেন। কিন্তু তারা চান না এমন কোনো উদাহরণ সৃষ্টি হোক, যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হবে এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হবে।
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জনগণ বুঝেছে বিচার কোনো শর্তসাপেক্ষ বিষয় নয়। বিচারের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া যায় না। বিচার কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হবে। যে সরকারই আসুক, তাকে সেই কার্যক্রম পরিচালনা করতে হবে।
দৈনিক বিজয় নিউজ/ ই