ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় চলন্ত অবস্থায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ে। এরপর তালশহর এলাকায় পৌঁছানোর সময় ট্রেনের বাফার (coupler) খুলে যাওয়ায় পেছনের তিনটি কোচ আলাদা হয়ে যায়। বিষয়টি অনুধাবন করতে পেরে ট্রেনের লোকোমাস্টার (লোকো মাস্টার) জরুরি ব্রেক কষে ইঞ্জিন ও সামনের কোচগুলোকে প্রায় আধা কিলোমিটার সামনে নিয়ে গিয়ে থামান। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু করেন

ঘটনার পর আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেন কর্মীরা বিচ্ছিন্ন হওয়া কোচগুলো পুনরায় ট্রেনের সাথে সংযুক্ত করার কাজ শুরু করেন।

তালশহর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার শহিদুল ইসলাম জানান, চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হলেও ইঞ্জিন ও সামনের বগিগুলো নিরাপদে স্টেশন এলাকায় থামানো হয়েছে। এখানে ট্রেন উল্টানো বা রেলপথ ছাড়ার কোনো ঘটনা ঘটেনি। কেবল বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করা হচ্ছে। স্টেশনে অতিরিক্ত লাইন থাকায় অন্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ই