স্বৈরাচার পতন হয়েছে। এবারের লক্ষ্য: একটি স্থায়ী ও কার্যকর গণতন্ত্র নির্মাণ। এগিয়ে চলো; মির্জা ফখরুল

স্বৈরাচার পতন হয়েছে। এবারের লক্ষ্য: একটি স্থায়ী ও কার্যকর গণতন্ত্র নির্মাণ। এগিয়ে চলো;  মির্জা ফখরুল
দৈনিক বিজয় নিউজ ফাইল ছবি

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’

১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে তিনি এই বাণী দেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই বাণী পোস্ট করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, দিবসটি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি গড়ে তোলাকে সমর্থন করে। দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন উৎসাহিত করা হয়। গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

তিনি উল্লেখ করেন যে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না। তিনি বলেন, গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা, যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নিতে পারে এবং জনগণের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে আরও বলেন, দেড় দশক ধরে বাংলাদেশে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবাধিকার হরণ করে একটি শাসন কায়েম ছিল। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করেন।

বিএনপির মহাসচিব বলেন, গত বছরের জুলাই-আগস্টে ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করলেও এখনো পূর্ণ গণতন্ত্র আসেনি। তিনি অবাধ, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন, রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দেন।

এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজে নারী-পুরুষসহ সবার সমান অংশগ্রহণ ও সুবিধা পাওয়ার নিশ্চয়তা থাকে।

দৈনিক বিজয় নিউজ/