কুকুরের সাহায্যে চট্টগ্রামে ১ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ, তিনজন গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকা থেকে এক লাখ সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। রাত এগারোটার দিকে র্যাবের পক্ষ থেকে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
একই পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন— ছোট হাবিবপাড়ার বাসিন্দা মো. একরামের স্ত্রী শামীনারা বেগম (৪৬), তার ছেলে মো. আবদুর রহিম (৩০) ও পুত্রবধূ ইসমত আরা (২৪)। এ ছাড়া অভিযানের সময় মো. হাসান (২৪) নামে এক ব্যক্তি পালিয়ে যান বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব জানায়, পাচারের উদ্দেশ্যে ছোট হাবিবপাড়ার একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করা হয়েছে—এমন গোপন তথ্য পেয়ে অভিযান চালায় র্যাব-১৫। শুরুতে কয়েক হাজার ইয়াবা উদ্ধার করা গেলেও গোপন তথ্যের সঙ্গে তা মেলেনি। এ কারণে পরীক্ষিত দুটি কুকুর নিয়ে আসা হয়। কুকুর দুটোর সহায়তায় বাড়ির একাধিক স্থান থেকে এক লাখ সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ইয়াবাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, এ নিয়ে মামলা করা হচ্ছে। মামলার পর আসামিদের আদালতে পাঠানো হবে।
দৈনিক বিজয় নিউজ/ সুজন কুমার দাস