১৭ নারীকে বিয়ের অভিযোগে বরখাস্ত বরিশালের বন কর্মকর্তা কবির হোসেন
দৈনিক ভিসা নিউজ বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে ১৭ নারীকে বিয়ের নামে প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ নির্দেশনা দেওয়া হয়। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে এবং পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।
বরিশাল বিভাগীয় উপকুলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ইমেইল তিনি পেয়েছেন ।
কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে সুযোগ বা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ জন নারীকে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, তিনি বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন একই পদ্ধতিতে নারীদের সঙ্গে প্রতারণা করেছেন ।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। তারা কবির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বন বিভাগ থেকে অপসারণের দাবি তোলেন ।
এদিকে, মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বরিশাল চিঃ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন ।
মামলার বাদী জানান, কবির হোসেন মুসলিম ফ্যামিলি আইন লঙ্ঘন করে প্রথম বিয়ের তথ্য গোপন রেখে একের পর এক বিয়ে করেছেন, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের জন্য চ্যালেঞ্জ সৃষ্টিকারী ।
অভিযুক্ত বন কর্মকর্তার আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন । তবে, তদন্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ ইসাহাক আলি