পাবিপ্রবিতে ভাষা বক্তৃতা সেমিনার অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রমিত ভাষা ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে বাংলা বিভাগ আয়োজিত ভাষা বক্তৃতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২-এ এ সেমিনার আয়োজন করা হয়। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অংশ নেন। ভাষা বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, “প্রমিত ভাষার চর্চা কেবল লেখালেখি বা বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তিত্ব ও সংস্কৃতির পরিচায়ক। শিক্ষাঙ্গনে সঠিক ভাষার ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানার্জনকে সহজ ও প্রাঞ্জল করে তোলে।” অধ্যাপক ড. মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে বলেন, “ভাষা হলো চিন্তার বাহন। প্রমিত ভাষার ব্যবহার আমাদের ভাব প্রকাশকে স্পষ্ট ও প্রভাবশালী করে তোলে। তাই শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনেও প্রমিত ভাষা চর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি।” সেমিনারে বক্তারা একমত হন যে প্রমিত ভাষা ব্যবহারের মাধ্যমে কেবল ব্যক্তিগত নয়, বরং জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও সমুন্নত রাখা সম্ভব।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়