পটুয়াখালীতে তরুণী ও তার বাবাকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতাকে বহিষ্কার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক তরুণী ও তার বাবাকে মারধরের অভিযোগে স্থানীয় ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার ও আরেক নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
গত বুধবার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় বাগ্বিতণ্ডার জেরে ওই তরুণী ও তার বাবাকে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চরমন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম ও তার চাচাতো ভাই সায়মুন ইসলাম এ ঘটনার জন্য দায়ী। এতে আহত তরুণী ও তার বাবাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়। ভুক্তভোগীদের দাবি, পরে ঘটনাটি মীমাংসার জন্য তাদের উপর চাপ দেওয়া হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদের সমন্বয়ে তারিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার এবং সায়মুন ইসলামের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন