টেকনাফে র্যাবের অভিযানে শীর্ষ মাদক সম্রাট লেদার জাহাঙ্গীর সহ আটক ৩
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫)সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃতরা, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার বাসিন্দার মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), লেদা ২৪ নং পুরাতন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দার মৃত আঃ হামিদের ছেলে মোঃ ছালাম (১৮), পুরান স্টেশন এলাকার বাসিন্দার ছৈয়দ নূরের ছেলে মোঃ আনোয়ার হোসাইন (২৭)। র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর বিকালে সিপিসি-১ (টেকনাফ) এর একটি বিশেষ দল লেদা এলাকায় অভিযান চালায়। এসময় জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের সময় তার সহযোগীদের নির্দেশে ৫০-৬০ জন সন্ত্রাসী র্যাবের ওপর লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে র্যাবের কয়েকজন সদস্য আহত হন।
পরে কৌশলে জাহাঙ্গীর আলমসহ আরও দুই সহযোগী—মোঃ ছালাম (১৮), রোহিঙ্গা শিবির ক্যাম্প নং-২৪ এর বাসিন্দা এবং মোঃ আনোয়ার হোসাইন (২৭), মহেশখালীর দক্ষিণ ঝাপুয়ার বাসিন্দাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুইটি লাঠি ও সাত টুকরা ইট জব্দ করা হয়। র্যাব জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের ওপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় র্যাবের ওপর হামলার ঘটনায় টেকনাফ মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক