ঠাকুরগাঁওয়ে মা–মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদারগঞ্জ সিকদারহাট মন্দিরপাড়া এলাকায় মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন—জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শমিলা রানী (৫০) ও তার প্রতিবন্ধী মেয়ে শাপলা রানী (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আশা এনজিও’র এক কর্মী শমিলা রানীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে পাশের লোকজনকে বিষয়টি জানালে তারা বাড়ির দরজা ধাক্কা দেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে মা ও মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এসময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে টিনসেট ঘরে বিদ্যুৎ সংযোগ থাকায় তাৎক্ষণিক প্রবেশ সম্ভব হয়নি। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে মরদেহ উদ্ধার করে পুলিশ। ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম