শ্রীপুরে গার্ডেনিয়া ওয়্যারের শ্রমিকদের বকেয়া বেতন আন্দোলন, আশ্বাসে শান্ত পরিস্থিতি

শ্রীপুরে গার্ডেনিয়া ওয়্যারের শ্রমিকদের বকেয়া বেতন আন্দোলন, আশ্বাসে শান্ত পরিস্থিতি
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমুলতলী এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন গার্ডেনিয়া ওয়্যার লিমিটেডের শ্রমিকরা। শনিবার সকাল আটটা থেকে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে শিল্প পুলিশের হস্তক্ষেপে সকাল দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ হঠাৎ ছুটি ঘোষণা করে দেয়। এরপর একাধিকবার নতুন তারিখ নির্ধারণ করেও প্রতিবারই তা পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি, পরবর্তীতে ৪ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করা হয়। আজ সকালে শ্রমিকরা পূর্বঘোষিত তারিখ অনুযায়ী কারখানায় এসে দেখতে পান গেটে নতুন একটি নোটিশ টানানো হয়েছে, যেখানে বলা হয়েছে বেতন পরিশোধ আগামী ৭ অক্টোবর করা হবে এবং ৮ অক্টোবর থেকে কারখানা পুনরায় চালু করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আবারও বিক্ষোভে অংশ নেন।

দীর্ঘদিন বেতন না পেয়ে শ্রমিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। শ্রমিক আবদুল মোতালিব বলেন, “আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও টাকার দেখা মিলছে না।” আরেক শ্রমিক আল-আমিন বলেন, “প্রশাসনের হস্তক্ষেপে শুনেছি শিগগিরই বেতন দেওয়া হবে। তাই আপাতত আমরা ঘরে ফিরেছি।” এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। শিল্প পুলিশের শ্রীপুর সাবজোন ইনচার্জ আবদুল লতিফ খান জানান, শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। রোববার থেকে কারখানা চালু হবে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাসের পর শ্রমিকরা আপাতত তাদের বিক্ষোভ স্থগিত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন