অক্টোবরেই ঢাকা-বরিশাল নৌপথে ফিরছে ঐতিহ্যের স্টিমার
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক বরিশালঃ
প্রতি মাসেই ঢাকা-বরিশাল নৌপথে ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস চালু হতে চলেছে। নৌপরিবহন মন্ত্রণালয় গত মে মাসে এই স্টিমার চালুর সিদ্ধান্ত নেয়। ‘পিএস মাহসুদ’ নামের একটি স্টিমারকে সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। বর্তমানে এর অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ চলছে। সার্ভে ও ফিটনেস রিপোর্টসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি মাসের যেকোনো দিন স্টিমারটি চালু হতে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তাদের মতে, শত বছর পুরোনো এই স্টিমারটির শক্তি আগের মতো নেই। তাই ঢাকা থেকে বরিশাল যেতে অন্যান্য লঞ্চের আট ঘণ্টা সময় লাগলেও স্টিমারটির দশ ঘণ্টা সময় লাগতে পারে।
যাত্রী ও ব্যয় বিবেচনায় স্টিমারটি পর্যটক সার্ভিস হিসেবে সপ্তাহে একদিন চলাচল করবে। শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে বিকেলে বরিশাল পৌঁছাবে এবং ফিরতি যাত্রায় ঢাকায় ফিরে আসবে। এছাড়া, ঢাকার আশপাশে প্রমোদ ভ্রমণের জন্য স্টিমারটি ভাড়া করা যাবে।
দেড় শ বছরের ঐতিহ্য:
বরিশালের জলযাত্রার ইতিহাসে স্টিমার ছিল এক সময়ের প্রধান বাহন। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর এই সেবা বন্ধ হয়ে যায়, যা দেড় শ বছরের ঐতিহ্যের অবসান ঘটায়। গত মে মাসে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন এই সেবা পুনরায় চালুর ঘোষণা দেন।
ব্রিটিশ আমলে ১৮৮৪ সালে স্টিমার যাত্রা শুরু হয়। কয়লাচালিত প্যাডেল স্টিমার প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা থেকে খুলনার নৌপথে চলাচল করত। সময়ের সঙ্গে সঙ্গে পিএস গাজী, পিএস মাহসুদসহ বেশ কয়েকটি স্টিমার সংযোজিত হয়।
বরিশালবাসীর কাছে স্টিমার ছিল নিরাপদ ও আরামদায়ক যান। তবে পদ্মা সেতু চালু, সড়ক যোগাযোগের উন্নয়ন, জ্বালানির দাম বৃদ্ধি এই সেবা বন্ধ হয়ে যায়।
২০১৯ সাল থেকে চলাচল সীমিত:
যাত্রী ও নাব্যতা সংকটের কারণে ২০১৯ সাল থেকে স্টিমার চলাচল সীমিত হয়ে যায়। সর্বশেষ ২০২২ সালের ২২ সেপ্টেম্বর এমভি মধুমতি ও এমভি বাঙ্গালি স্টিমার চলাচল বন্ধ হয়ে যায়। এখন সপ্তাহে একদিন স্টিমার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও প্রতিদিন চালুর দাবি উঠেছে।
বরিশাল যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ বলেন, "স্টিমারগুলো সংরক্ষণ করতে হবে। ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মুক্তি পেতে প্রতিদিন অন্তত একটি স্টিমার চলাচল করা উচিত।"
আপাতত চলবে একটি স্টিমার:
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, দুটি স্টিমারের পুনর্বাসন কাজ শেষ হয়েছে এবং অক্টোবরের মধ্যে একটি স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে যুক্ত হবে। আপাতত সপ্তাহে একদিন চলাচল করবে এবং ভাড়া করে ভ্রমণের সুযোগ থাকবে।
প্রতিদিন চালুর দাবি প্রসঙ্গে তিনি বলেন, "শত বছরের পুরোনো স্টিমারগুলো আগের শক্তিতে ফিরতে পারবে না। তাই আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে।
দৈনিক বিজয় নিউজ/ ই