উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, "বর্তমানে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) নিয়ে আলোচনা হচ্ছে। আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি, আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই।"

শনিবার রাজধানীর একটি হোটেলে 'খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫' শীর্ষক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, "বাংলাদেশের জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে। গত ৫৫ বছর দুঃশাসন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল। এই ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্সিট প্রয়োজন।"

আইন প্রণয়ন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, "আমরা হয়তো খুব ভালো কিছু আইন করে যাচ্ছি। কিন্তু ভালো আইন মানেই দেশটা ভালো হয়ে যাবে না। এটা আশা করার মতো বয়স আমার নেই।" তিনি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, "ভালো আইন ফাউন্ডেশন, কিন্তু তার ওপর খারাপ ভবন বানিয়ে লাভ নেই। প্রতিষ্ঠানকে ভালো হতে হবে। সরকারে এসে মনে হয়েছে, সব ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠানকেন্দ্রিক।"

তিনি ১৯৭২-এর সংবিধানের সমালোচনা করে বলেন, সেখানে ভালো কিছু বিধান ছিল, যেমন রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। কিন্তু রাষ্ট্রপতি তা কখনোই করতে পারেননি, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই হয়েছে। এমনকি কিছু প্রধান বিচারপতি মানবাধিকার ধ্বংসে ও গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

সভায় অন্যান্য উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলসহ অনেকে বক্তব্য দেন।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের "উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে" মন্তব্যের পরিপ্রেক্ষিতে একাধিক উপদেষ্টা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগে উপদেষ্টা ফাওজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানও এ নিয়ে বক্তব্য দিয়েছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ ই