যুগান্তর-এর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার আসছেন পাবিপ্রবিতে
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে “চব্বিশের গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক সেমিনার। আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এ সেমিনার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তর-এর সম্পাদক, কবি আব্দুল হাই শিকদার। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তর-এর সহ-সম্পাদক এমদাদুল হক, দৈনিক ইত্তেফাক-এর রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান এবং বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
সেমিনারের বিষয় “চব্বিশের গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা” বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের এই সাংবাদিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পাবিপ্রবিকে ইতিবাচকভাবে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের লেখায় সৃজনশীলতা ও বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যা অন্য শিক্ষার্থীদেরও লেখালেখিতে আগ্রহী করে তুলছে। একজন শিক্ষার্থী তাঁর শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন অন্তর থেকে ধারণ করতে পারে, অন্য কেউ তেমন পারে না—এটাই স্বাভাবিক। সাংবাদিকতা একটি সৃজনশীল পেশা, যার জন্য প্রয়োজন অধ্যবসায় ও গভীর পাঠ। অল্প সময়ের মধ্যেই পাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা লেখালেখিতে পারদর্শিতা অর্জন করেছে এবং অনেকের লেখার মান এখন জাতীয় মানদণ্ডে উপযুক্ত হয়ে উঠেছে।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়