বকেয়া বেতনের দাবিতে আন্দোলন, শ্রীপুরে এএ ইয়ার্ন মিলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের জেরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আকস্মিক এই সিদ্ধান্তে প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে দেখেন মূল ফটকের সামনে ঝুলছে একটি নোটিশ—তাতে লেখা, “অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ।” নোটিশটি দেখে ক্ষুব্ধ শ্রমিকেরা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের নগরহাওলা এলাকায় অবস্থিত এই কারখানার শ্রমিক মিনারা আক্তার বলেন,
“গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন না পাওয়ায় আমরা ২৩ অক্টোবর আন্দোলনে নেমেছিলাম। সেদিন পুলিশ ও সেনাবাহিনী এসে বেতন দেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করি। কর্তৃপক্ষ জানিয়েছিল সোমবার থেকে কারখানা চালু হবে, কিন্তু আজ এসে দেখি গেটে বন্ধের নোটিশ।”
দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিক শামসুল মিয়া বলেন
“কয়েক মাস ধরে বেতন নিয়ে টালবাহানা চলছে। এখন আন্দোলনের অজুহাতে হঠাৎ করে কারখানা বন্ধ—এটা শ্রমিকদের সঙ্গে চরম অন্যায়।”
৯ বছর ধরে কারখানায় কর্মরত রোকসানা আক্তার জানান,
“এই বয়সে অন্য কোথাও কাজ পাওয়া কঠিন। বেতন-ভাতা না দিয়েই বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু তখনই পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছিল।”
অন্যদিকে, কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন শ্রমিকদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলে বলেন,
“২৩ অক্টোবরের আন্দোলনে শ্রমিকেরা কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট করেছে। ফলে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”
শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন,
“খবর পেয়ে সকাল থেকে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শ্রমিকেরা বর্তমানে গেটের সামনে অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তারা সমস্যার সমাধানে দুই ঘণ্টার সময় চেয়েছেন।”
বকেয়া বেতন নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে শ্রমিকদের আন্দোলনের জেরে শ্রীপুরের এএ ইয়ার্ন মিলস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে হাজারো শ্রমিকের জীবিকা অনিশ্চয়তায় পড়েছে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শিল্প পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন