বরিশালে গৃহবধূ অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলার রায়: ৪ আসামির মৃত্যুদণ্ড

বরিশালে গৃহবধূ অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলার রায়: ৪ আসামির মৃত্যুদণ্ড
ছবিঃ সংগৃহীত

দৈনিক বিজয় নিউজ বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক গৃহবধূকে অপহরণ, এক লাখ টাকা ছিনতাই ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আদালত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।

রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন, চতুর্থ আসামি রোকন খান পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – মো. গাজী রাসেল (৩৫), মো. রাজিব জমাদ্দার (২৫), মো. জাহিদ হাওলাদার (২৬) ও মো. রোকন খান (২৩)। তাদের সকলের বাড়ি বরিশাল নগরের সাগরদী এলাকায়।

বিচারক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্বামী ও মা। রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার পক্ষের কৌঁসুলি আবদুল মান্নান মৃধা জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরের এক গৃহবধূ এক লাখ টাকা নিয়ে ইজিবাইকে করে স্বামীর কাছে যাওয়ার পথে ইজিবাইক চালকের সহায়তায় তিন সহযোগী কর্তৃক অপহৃত ও ধর্ষণের শিকার হন। পরদিন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম জসীম উদ্দীন