বিএনপির এক আসনে একাধিক প্রার্থী তালিকাভুক্তি
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বিএনপি আগামী সংসদ নির্বাচনের জন্য তাদের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সংগঠিত করছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রতিটি আসনের জন্য একাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হচ্ছে।
সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর সাথে কথা বলেছি।"
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল এবং তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। দলটির নেতাদের তখনকার ব্যাখ্যা ছিল, আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনে প্রার্থিতা বাতিলের মতো ঘটনা ঘটলে যেন কোনো আসন বিএনপিশূন্য না হয়ে পড়ে, সে জন্যই এই কৌশল গ্রহণ করা হয়েছিল।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিএনপির প্রার্থী তালিকা স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে। দলটিকে জোটের অংশীদারদের জন্য কিছু আসন ছাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।
এক আসনে একাধিক প্রার্থী বিবেচনা করলেও দলীয় ঐক্যের ওপর জোর দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "আমরা একটিই বার্তা দিতে চাই, যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। জাতির মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই বার্তাটাই আমরা দিতে চাই।"
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপি যুগপৎ আন্দোলনে শরিক দলগুলো নিয়ে একটি জোট গঠন করবে। তিনি বলেন, "আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।"
যুবসমাজকে সংগঠিত করার বিএনপির পরিকল্পনা সম্পর্কে সালাহউদ্দিন বলেন, "সারা বাংলাদেশে যুবক ও তরুণদের রাজনৈতিক ভাবনা সংগ্রহ করতে আমরা সমগ্র দেশে সফর করেছি। আমরা তারুণ্যের রাজনৈতিক চিন্তা গ্রহণ করে ভবিষ্যৎ জাতি গঠনে সেগুলো বাস্তবায়নের জন্য কর্মসূচি প্রণয়ন করছি। আশা করি, এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে।"
এই সময় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ ই