বিএম কলেজে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন

বিএম কলেজে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন
ছবিঃ এম জসীম উদ্দীন 

দৈনিক বিজয় নিউজ বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক শিক্ষার্থী গতকাল রোববার থেকে আমরণ অনশন শুরু করেছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত তার এই অনশন অব্যাহত রয়েছে।

ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি রোববার বেলা দেড়টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন শুরু করেন। তবে কলেজ কর্তৃপক্ষ এখনো তার দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ফেরদৌস রুমি বলেন, "৩২ হাজার শিক্ষার্থীর এই ঐতিহ্যবাহী কলেজে ২৪ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা এক মাসের বেশি সময় ধরে নানা কর্মসূচি পালন করেছি, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আমি আমরণ অনশনে বসেছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চলবে।"

অনশনস্থলে অনেক শিক্ষার্থী সংহতি প্রকাশ করে অবস্থান নিয়েছেন। তারা জানান, বিএম কলেজে ২২টি বিভাগে স্নাতক (সম্মান) এবং ১৯টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩২ হাজার হলেও শিক্ষক রয়েছেন মাত্র ১৬৫ জন, যখন অনুমোদিত পদ ১৯৯টি। সরকারি মানদণ্ড অনুযায়ী প্রতিটি বিভাগে ন্যূনতম ১২ জন শিক্ষক থাকা প্রয়োজন, কিন্তু কোনো বিভাগেই এই লক্ষ্য পূরণ হয়নি। ফিন্যান্স বিভাগে শিক্ষক মাত্র দুইজন আর মার্কেটিং বিভাগে একজন।

এছাড়া ৩২ হাজার শিক্ষার্থীর জন্য ছাত্রাবাসের ধারণক্ষমতা মাত্র আড়াই হাজার। ছেলেদের জন্য তিনটি ও মেয়েদের জন্য একটি আবাসনে আসন সংখ্যা মাত্র ১ হাজার ১৫০টি, সেখানে গাদাগাদি করে থাকছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। বাকিদের থাকতে হয় বাইরের মেসে, যা ব্যয়বহুল ও অনিরাপদ। চারটি হলের মধ্যে তিনটিই ঝুঁকিপূর্ণ। এতগুলো শিক্ষার্থীর জন্য কলেজের বাস মাত্র তিনটি।

শিক্ষার্থী আকবর মোবিন বলেন, "২৪ বছর ধরে ছাত্র সংসদ না থাকায় কলেজটি পাহাড়সম সমস্যায় জর্জরিত। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় রাজনীতিতে নেতৃত্বের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।"

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর বিএম কলেজে প্রথম ছাত্র সংসদ গঠিত হয় ১৯৫২-৫৩ শিক্ষাবর্ষে। সর্বশেষ ২০০২ সালের ১৩ আগস্ট ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ বিজয়ী হয়। এরপর আর নির্বাচন হয়নি।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, "ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। দ্রুত বাকসু নির্বাচনের তারিখ জানানো হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম জসীম উদ্দীন