পাবনায় সাংবাদিক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা সাংবাদিক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ নভেম্বর শহরের আতাইকুলা রোডস্থ এসোট হাসপাতালের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ হাসান আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সংবাদকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।
তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার আদর্শ, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক মোঃ ইমরুল হাসান রন্টি। আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধান করেন পাবনা সাংবাদিক ফোরামের উপদেষ্টা রোটারিয়ান মোঃ জালাল উদ্দিন ও ডঃ আল আমিন। বক্তারা সাংবাদিক ফোরামের গত আট বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে পাবনা সাংবাদিক ফোরামের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান