ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করল ইসি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্বচ্ছ ও নির্বিঘ্ন ভোটার তালিকা তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট সূত্র। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় এই কার্যক্রম চালু করা হবে।”
ইসি সূত্র জানায়, ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে তালিকা প্রিন্টের প্রক্রিয়া চলছে। নির্বাচন-পূর্ব এই গুরুত্বপূর্ণ ধাপকে নির্ভুল ও স্বচ্ছ রাখতে সাময়িকভাবে এনআইডি সংশোধন বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে। এদিকে, এনআইডি সংশোধন সাময়িক বন্ধ থাকায় অনেক সেবা-প্রত্যাশীরা সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে পারেন। তবে ইসি আশ্বস্ত করেছে যে নির্বাচন–সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার পর দ্রুতই পুনরায় সেবা চালু করা হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন