ইতালি সরকার ভিসা সংক্রান্ত একটি বড় ঘোষণা দিয়েছে।

ইতালি সরকার ভিসা সংক্রান্ত একটি বড় ঘোষণা দিয়েছে।
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

ইতালি তিন বছরের জন্য পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শ্রমবাজারের ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ। বিশ্বের শীর্ষ শিল্প ও পর্যটন-নির্ভর দেশগুলোর একটি ইতালি।

জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবার শ্রমিক ভিসার আবেদন প্রক্রিয়া আগের চেয়ে কঠোর ও স্বচ্ছ হবে। শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত নিয়োগদাতা বা স্পন্সররাই আবেদন করতে পারবেন। নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য না থাকলে আবেদন বাতিল হবে।

২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে স্পন্সর ভিসার আবেদন। আগাম ফরম পূরণ করে আবেদন জমা দেয়া যাবে। এবার ইতালি ৩৮টি অ-ইউরোপীয় দেশ থেকে শ্রমিক নেবে, যার তালিকায় বাংলাদেশও রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে দিয়েছেন, দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করলে সমস্যায় পড়তে হতে পারে। কারণ এবার সরকারের ডিজিটাল সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মালিক ও শ্রমিকের তথ্য যাচাই করবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদনই গ্রহণযোগ্য হবে।

দীর্ঘদিন ধরেই ইতালিতে শ্রমিক সংকট চলছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটি ৫ লাখে বৃদ্ধি করা হয়েছে।

২০২৬ সালের জন্য আবেদন গ্রহণ করা হবে ‘ক্লিক ডে’তে। ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি—সকাল ৯টায় অনলাইন পোর্টালে আবেদন জমা দেয়া যাবে।

এই স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে সংশ্লিষ্টরা আশা করছেন, ভিসা প্রাপ্তিতে বাংলাদেশিরা এবার আগের মতো হয়রানির শিকার হবেন না।

দৈনিক বিজয় নিউজ/ ই