বরিশালের: "জহির উদ্দিন স্বপন: 'আগামী নির্বাচনের মূল চ্যালেঞ্জ প্রশাসনের হস্তক্ষেপ ও সুবিধাবাদী রাজনীতি'
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক বরিশালঃ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী ‘জামায়াত-বিএনপি বনাম আওয়ামী লীগ’ নামে একটি বিভ্রান্তিকর বয়ান ছড়াচ্ছে, যা আসলে আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ প্রচেষ্টা। তিনি বলেন, বিএনপি কখনোই জামায়াতের রাজনীতির অংশ নয়; বরং দলটি মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্রের রাজনীতি করে।
শুক্রবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী কোনো নির্দিষ্ট দল নয়; বরং জামায়াতের মতো সুযোগসন্ধানী রাজনীতি ও প্রশাসনের অন্যায় হস্তক্ষেপই মূল চ্যালেঞ্জ। তিনি যেকোনো দলীয় প্রভাব থেকে সরকার ও রাষ্ট্রযন্ত্রকে মুক্ত রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট থাকলে একসঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
গৌরনদীতে এই জনসভার মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেন জহির উদ্দিন। জনসভায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, দেশের ভবিষ্যৎ একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর নির্ভর করছে। তিনি ধানের শীষের বিজয় বরিশাল-১ আসন থেকে শুরু হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিকেল পৌনে চারটায় জনসভা শুরু হলেও দুপুর থেকেই দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। জনসভায় বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ ই