রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের ছোট্ট ব্রিজের নির্মাণকাজ অর্ধেকে ফেলে রেখে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ; প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হচ্ছে শতাধিক মানুষ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
এক বছর আগে সরকারি তহবিল ও নির্মাণসামগ্রী বরাদ্দ পাওয়ার পরও ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামে একটি ছোট সেতুর নির্মাণকাজ অর্ধেক পড়ে রয়েছে। এর ফলে প্রতিদিন শতাধিক মানুষ—বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা—জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন।
স্থানীয়রা বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং সেতু নির্মাণের দায়িত্বে থাকা ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার) জনাব মাইনুল ইসলাম কবির (মোঃ কবির হাওলাদার) বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত বছর কাজ শুরু হওয়ার পর প্রকল্পের অর্থ তোলা হলেও পুরনো ভাঙা স্ল্যাব ব্যবহার করে সেতুর আংশিক কাঠামো তৈরি করে কাজ অসম্পূর্ণ রেখেছেন ইউপি সদস্য ও চেয়ারম্যান।
আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর ইউপি সদস্য মো. কবির হাওলাদার অন্য জায়গা থেকে নিয়ে আসা বেশ কয়েকটি পুরনো ভাঙা স্ল্যাব দুটি অ্যাঙ্গেলের উপর বসান। কিন্তু সেতুর দুপাশে কোনো রেলিং বা মাটি ভরাট না করেই নির্মাণকাজ বন্ধ করে দেন তিনি। অথচ প্রকল্পের পুরো অর্থ এর মধ্যেই তিনি গ্রহণ করেছেন।
পরবর্তীতে চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত সদস্যকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কাজ শেষ না করায় স্থানীয়রা নিজেদের খরচে মাটি ফেলে সেতুটিকে সাময়িকভাবে ব্যবহারযোগ্য করে তোলেন।
স্থানীয়দের ভাষ্য, “প্রতিদিন প্রায় শতাধিক মানুষ এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করছেন। প্রতিটি স্ল্যাবের মাঝে ফাঁক রয়েছে এবং দুপাশে কোনো সাপোর্ট না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই ইউএনও মহোদয়ের কাছে দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করার জোর অনুরোধ জানাচ্ছি।”
এ বিষয়ে বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও অভিযুক্ত সদস্যের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ ই