প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের দাবি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের

প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের দাবি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের
ছবিঃ আতিকুর রহমান 

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও ১২ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (দশগাঁও) হাজী পিয়ার মাহমুদ মাদ্রাসা চত্বরে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। আখতার হোসেন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে নকলের ঘটনা ঘটেছে। ডিভাইস ব্যবহার করে নকল করতে গিয়ে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও অনেকেই প্রশ্নপত্র পেয়েও গ্রেপ্তার হয়নি। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, প্রশ্নফাঁসের সুস্পষ্ট প্রমাণ থাকার পরও ওই পরীক্ষা বহাল রাখা হয়েছে, যা মেধার প্রতি অবিচার। ২৪’র গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা তখন ‘কোটা না মেধা’ স্লোগান দিয়েছিলাম। অথচ এই নিয়োগ পরীক্ষা মেধার পক্ষে নয়, বরং প্রশ্নফাঁসের পক্ষেই দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের প্রমাণ থাকা সত্ত্বেও এমন কোনো নিয়োগ পরীক্ষা বহাল রাখা চলবে না। ওই পরীক্ষা বাতিল করে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশ্নফাঁসমুক্ত, দুর্নীতিমুক্ত ও নকলমুক্ত পরিবেশে নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবি জানান তিনি। আখতার হোসেন আরও বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণেই দেশ এগোতে পারছে না। আমাদের দেশ সিস্টেম অনুযায়ী পরিচালিত হয় না বলেই এসব সমস্যা তৈরি হচ্ছে। দেশকে সুশাসনের পথে নিতে এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনার লক্ষ্যেই একাধিক দল একজোট হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান